দুর্নীতির মামলায় শেখ হেলাল ও তাঁর স্ত্রী কারাগারে

আদালত প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রুপা চৌধুরীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোজ্জামেল হোসাইন দুজনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে শেখ হেলাল ও তাঁর স্ত্রী আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের কাছে শেখ হেলাল কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা ও চিকিৎসার সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
২০০৮ সালের দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে এ মামলা করে। এই মামলায় ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি শেখ হেলালের ১৩ বছর ও রুপা চৌধুরীর তিন বছর কারাদণ্ড হয়। এ সময় শেখ হেলাল ও তাঁর স্ত্রী দুজনই পলাতক ছিলেন।
২০০৯ সালের ১১ জানুয়ারি শেখ হেলাল, তাঁর স্ত্রী রুপা চৌধুরী অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলাটি বাতিলের আবেদন করেন হাইকোর্টে। মামলা বাতিলের এই আবেদনে দুজনের পক্ষে জামিনের আবেদনও করা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তনের পরে শেখ হেলাল সস্ত্রীক আত্মগোপন করেন। তাঁর অনুপস্থিতিতে শুধু দুর্নীতির মামলা নয়, একটি চাঁদাবাজির মামলাও করা হয়েছিল।
তথ্যসূত্র: প্রথম আলো, ১০ মে ২০১০