ইউনিজয় English

শেখ হেলাল দম্পতি কারাগারে

top22.jpg
শাহজাহান আকন্দ শুভ ও রহমান জাহিদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন এমপি এবং তার স্ত্রী রূপা চৌধুরীকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে তারা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্র জানিয়েছে, আত্মসমর্পণের শুনানি আদালতের বিচারকের এজলাসে নয়, খাসকামরায় অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই পুলিশ শেখ হেলাল ও তার স্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ পাহারায় তাদের কারাগার থেকে গুলশান সিকদার মেডিকেলে নেয়া হয়। সেখানেই হেলাল দম্পতি চিকিৎসাধীন রয়েছেন। রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর কথা শোনা গেছে। সন্ধ্যার পর শেখ হেলালের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজিনা ইসমাইল শেখ হেলালের ১৩ বছর ও স্ত্রী রুপা চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ৮ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন।

২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দুদক ৮ কোটি ৬০ লাখ টাকার সম্পদ গোপন করার অভিযোগে রমনা থানায় এ মামলা দায়ের করে। ২০০৮ সালের ১৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

রায়ে হেলালের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় ৩ বছরের বিনাশ্রম ও একই আইনের ২৭ (১) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রূপা চৌধুরীকে দেয়া হয় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

তথ্যসূত্র: আমাদের সময়, ১০ মে ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English