ইউনিজয় English

দলীয় লোক কাজ না পাওয়ায় দরপত্র বাতিল

Jugantor_logo
বিশেষ সংবাদদাতা
শুরুতেই হোঁচট খেল সচিবালয়ের সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ। দলীয় তদবিরের লোক কাজ না পাওয়ায় রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম স্থাপন সংক্রান্ত দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দরপত্র মূল্যায়ন কমিটি। সিদ্ধান্ত কার্যকর হলে এ খাতে বরাদ্দকৃত ৩ কোটি টাকাও ফেরত যাবে। সূত্র জানিয়েছে, মূল্যায়ন কমিটি সবদিক বিচার-বিশ্লেষণ করে ২৮ এপ্রিল যোগ্য দরদাতা নির্বাচন করে। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও নিরাপত্তা ব্যবস্থার গুণগতমান বিবেচনায় নিয়ে কমিটি সবচেয়ে যোগ্যতাসম্পন্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজের জন্য মনোনীত করে। যাদের দর ছিল ৪ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু সরকারি দলের একজন বড় নেতার আ্তীয় কাজ না পাওয়ায় বড় ধরনের চাপ আসে। বলা হয়, তার তদবিরের প্রতিষ্ঠান কাজ না পেলে বাতিল করে পুনরায় দরপত্র আহবান করতে হবে। ফলে কমিটি বাধ্য হয়েই দরপত্র বাতিলের সুপারিশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে মূল্যায়ন কমিটির একজন সদস্য জানান, চাপের মুখে তারা দরপত্র বাতিলের সুপারিশ করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে, ৩ কোটি টাকা বরাদ্দ থাকায় কমিটি ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যে কাজ করার পক্ষে মত দিতে পারছে না। হয় নির্ধারিত টাকার মধ্যে কাজ করতে হবে, নতুবা অর্থ মন্ত্রণালয় থেকে বর্ধিত টাকার সংকুলান করে পুনঃদরপত্র দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সর্বোচ্চ প্রশাসনিক ভবন সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় কোন ধরনের ঘাটতি রাখা যাবে না। এজন্য তারা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন, সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে প্রয়োজনে সংশোধিত বাজেটে টাকার অংক বাড়িয়ে দেয়া হবে। কিন্তু তারপরও টাকার অভাব দেখিয়ে কেন দরপত্র বাতিল করা হচ্ছে তা তাদের কাছে বোধগম্য নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা বলেন, সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা নিয়ে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। এখন যদি দরপত্র বাতিল হয়ে যায়, তাহলে চলতি অর্থবছরে এ কাজ আর হবে না। আগামী অর্থবছরের টাকা দিয়ে কাজ শুরু করতে গেলে আরও ৬ মাস দেরি হয়ে যাবে। তিনি বলেন, যেখানে মন্ত্রী-সচিবরা অফিস করা ছাড়াও প্রধানমন্ত্রী সপ্তাহে একদিন মন্ত্রিসভার বৈঠক করছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থার কাজে দলীয় তদবিরকে প্রাধান্য দেয়া মোটেই সমীচীন হবে না। এখানে ঠিকাদারের যোগ্যতাকেই বেশি প্রাধান্য দিতে হবে। সচিবালয়ে প্রবেশ করা যানবাহনসহ সবকিছু রেডিও ফ্রিকোয়েন্সি পদ্ধতিতে অটোমেটিক মেশিনে পরীক্ষা করার জন্য ১১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক দরপত্র আহবান করে। এতে দেশী ও বিদেশী প্রতিষ্ঠান মিলিয়ে ৭টি প্রতিষ্ঠান দর দেয়। সর্বনিম্ন ২ কোটি ৯৬ লাখ টাকা এবং সর্বোচ্চ দর পড়ে ৮ কোটি ১১ লাখ টাকা।

তথ্যসূত্র: যুগান্তর, ৯ মে ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English