অবৈধ সম্পদ অর্জন মামলা, ডা. ইকবালের ৬ মাসের জামিন

নিজস্ব প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ বিচারাধীন আপিলে ইকবালের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
আদালতে ইকবালের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলা পরিচালনা করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক এ এফ এম আমিনুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তথ্যসূত্র: প্রথম আলো, ৬ মার্চ ২০১০