কিবরিয়া হত্যা মামলা : বাবরের জামিন নামঞ্জুর


হবিগঞ্জ প্রতিনিধি
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসার জন্য দেয়া আবেদনে জেল কোড অনুযায়ী বাবরের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করা হয়েছে। সোমবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ প্রদান করেন।
৬ দিনের রিমান্ড শেষে ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সুচিকিৎসার জন্য হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানানো হয়। এসময় বাবরও এজলাসে দাঁড়িয়ে বিভিন্ন রোগের বর্ণনা দিয়ে সুচিকিৎসার আদেশের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান। আদালত ২২ ফেব্রুয়ারি আবেদনের শুনানির দিন ধার্য করেন। সোমবার বাবরের জামিনের আবেদন জানানো হয়। উভয় আবেদনের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস জামিন নামঞ্জুর করেন। একই আদেশে ম্যাজিস্ট্রেট জেলকোড অনুযায়ী বাবরের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সিআইডির তিন এসআই সাসপেন্ড
রিমান্ডে থাকা লুৎফুজ্জামান বাবরকে সহযোগিতা করার অভিযোগে সোমবার সিআইডি পুলিশের এসআই দেলোয়ারসহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। এসআই দেলোয়ার বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে বাবরকে কথা বলার সুযোগ করে দেয়। ওই সময় ওই এসআই হাতেনাতে ধরা পড়ে। পরে ঘটনাটির সত্যতা পাওয়ার পর তিন এসআইকে সাসপেন্ড করা হয় বলে সিআইডি সূত্র জানিয়েছে।