ইউনিজয় English

তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

Jugantor_logo
কোর্ট রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনসহ ৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোঃ মেহেদী হাসান তালুকদার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের এ আদেশ দেন। এর আগে সোমবার একই হাকিম তারেক রহমান, মামুনসহ ৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছিলেন।

গতকাল তারেক রহমানের আইনজীবী মহানগর হাকিম মোঃ মেহেদী হাসান তালুকদারের আদালতে আবেদন করে জানান, চাঁদাবাজির মামলাটি হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। আর হাইকোর্ট বিভাগ গত বছরের ২৩ জুলাই থেকে চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত এক বছরের জন্য মামলাটির কার্যক্রম স্থগিত করেছেন। তাই জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হোক। এ সময় তারা হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি দাখিল করেন। কিন্তু মামলার নথিতে দেখা যায়, হাকিম মোঃ মেহেদী হাসান তালুকদার সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করার সময় মামলা স্থগিত সম্পর্কিত সর্বশেষ আদেশটি সেখানে ছিল না। তাই হাকিম ওইদিন ন্যায়সঙ্গতভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর গতকাল আসামি পক্ষ থেকে হাইকোর্টের স্থগিত সংক্রান্ত আদেশের কপি দাখিল করা হলে হাকিম আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন। এ প্রসঙ্গে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, আসামি পক্ষ থেকে সোমবার আদালতকে বিষয়টি জানানো হলে এ জটিলতার সৃষ্টি হতো না। ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজি করার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক প্রশাসন খায়রুল বাশার ২০০৭ সালের ৯ এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুনসহ ৬ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। এ মামলায় গিয়াসউদ্দিন আল মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, চাঁদাবাজি করে নেয়া টাকার ভাগ তারেক রহমানও পেয়েছেন। তারেক রহমান ও মামুন ছাড়া আর যাদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে তারা হল ওবায়দুল্লাহ খন্দকার ওরফে সোহেল, কামরুজ্জামান, মাহবুব, হাবুল ও মোটা তারেক।

তথ্যসূত্র: যুগান্তর, ৩ মার্চ ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English