ইউনিজয় English

টেন্ডারের আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করলেন আ’লীগ নেতারা

Jugantor_logo
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
টেন্ডার হওয়ার আগেই রাস্তার কাজ শেষ করে বিল উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এলজিইডি’র কয়েকজন প্রকৌশলীর যোগসাজশে নজিরবিহীন এ ধরনের অনিয়ম ও অর্থ লোপাট করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির এ খবর ফাঁস হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জের সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশন ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে সোনারগাঁও উপজেলার পাকুন্দা-মহজমপুর সড়ক মেরামতের জন্য ১৩ লাখ টাকা ও সোনাখালী-পাঁচপীর দরগাহ সড়ক মেরামত করার জন্য ৯ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়। বুধবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। বিভিন্ন এলাকার ঠিকাদাররা টেন্ডারের সিডিউল মঙ্গলবার কিনতে যাওয়ার পর রাস্তার কাজ শেষ করে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকাদারকে সিডিউল ক্রয় করতে বাধা দেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এ দুটি সড়কের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন সরকারের নিয়ম মোতাবেক শুধু টেন্ডার দাখিল করে বিল উত্তোলন করা বাকি। এ খবর ফাঁস হয়ে যাওয়ার পর ঠিকাদাররা বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনকে জানায়। জেলা প্রশাসকের নির্দেশে বুধবার থেকেই এ ঘটনায় তদন্ত শুরু করেছে দুদক।

তথ্যসূত্র: যুগান্তর, ২৫ ফেব্রুয়ারি ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English