ইউনিজয় English

তারেক, কোকো মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

shomokal.jpg
সমকাল প্রতিবেদক
পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আয়কর ফাঁকির অন্য একটি মামলায় সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা ফজলুর রহমান পটলের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার পৃথক দুটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। কোকোর বিরুদ্ধে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ টাকা আয় গোপন করার সত্যতা খুঁজে পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মামলাটি করে। এনবিআরের পক্ষে উপ-কর কমিশনার শাহীন আখতার ঢাকা মহানগর সিনিয়র জজ এএনএম বশিরউল্লার আদালতে মামলাটি করেন। আদালত কোকোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি করেছেন। আগামী ১১ মার্চ গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কোকো বর্তমানে সরকারের নির্বাহী আদেশে বিদেশে অবস্থান করছেন।
অন্যদিকে সাবেক মন্ত্রী পটলের বিরুদ্ধে ২০০৬ সালে ২৭ লাখ টাকার বেশি আয় গোপন করার অভিযোগে একই আদালতে উপ-কর কমিশনার মিজানুর রহমান মামলা করেন। আদালত ১০ মার্চ গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে সকালে এনবিআরের বোর্ডসভায় ওই দুটি মামলা অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এনবিআর আরও দুই ভিআইপির বিরুদ্ধে কর ফাঁকির মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। তারা হলেন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন মামুন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান। তারা বিপুল আয় গোপন করে কর ফাঁকি দিয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। শিগগির তাদের বিরুদ্ধেও কর ফাঁকির মামলা করা হবে। এছাড়া সরকার-বিরোধী দলসহ আরও বেশ ক’জন প্রভাবশালী রাজনীতিবিদের কর ফাঁকির তদন্ত চলছে।

সাড়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে শাহবাগ থানায় মামলা করেন। সে মামলায় গতকাল তারেকের হাজিরার দিন ছিল। তার পক্ষে সময়ের আবেদন না থাকায় মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন। তারেকের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ অন্য পাঁচ আসামির বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: সমকাল, ২ মার্চ ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English