বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করার অভিযোগে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ আগামী মঙ্গলবার এর শুনানির দিন ধার্য করেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালত অবমাননার অভিযোগে গতকাল আবেদনটি করেন।
হাইকোর্টের নির্দেশে গত ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার উত্তর রুপসী গ্রামে নদী তীর থেকে সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে তার স্থাপনা ও তিনটি পাকা জেটি অপসারণের নির্দেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। ওই আদেশ উপেক্ষা করে জেটিগুলো না ভাঙার ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রী গত ২২ ফেব্রুয়ারি নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খানকে চিঠি দেন।
ফারুক খানের বিরুদ্ধে অভিযোগ করার পর মনজিল মোরসেদ গতকাল বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসনের কেউ যেন কখনো বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্যই মামলাটি দায়ের করা হয়েছে। গত বছরের ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের নদীর ভেতরের সব স্থাপনা অপসারণের আদেশ দেয়। বাণিজ্যমন্ত্রীর পদক্ষেপ আদালতের রায় বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছে মানবাধিকার সংগঠনটি। স্থাপনা অপসারণের নোটিশের বিরুদ্ধে সিটি গ্রুপের করা রিট আবেদনও ২৩ ফেব্রুয়ারি খারিজ করে হাইকোর্ট।
তথ্যসূ্ত্র: আমাদের সময়, ১ মার্চ ২০১০
