ইউনিজয় English

টেন্ডারবাজির অভিযোগ : ভোলায় আ’লীগ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ

Jugantor_logo
ভোলা প্রতিনিধি
ভোলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে শনিবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা আওয়ামী লীগ অফিসে। সকাল থেকে দলীয় অফিসের সামনে ছাত্রলীগ নেতারা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তৃতা করেন। বিকালে যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক আরজুর নেতৃত্বে অপর এক গ্রুপ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে দলীয় অফিসের তালা খুলে দেয়। এদিকে ছাত্রলীগের এ ধরনের আচরণে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু ও সম্পাদক আবদুল মমিন টুলু এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ কাজ ঠিক হয়নি। আওয়ামী লীগের নেতারা কোন অনিয়ম করেননি। আওয়ামী লীগ দলীয় অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও বক্তব্য রাখতে যাদের দেখা গেছে তাদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগের সহ-সভাপতি রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রিপন, মামুন, শামিম, জুয়েল, ইব্রাহিম, সুশানসহ অর্ধ শতাধিক।

বক্তব্যে তারা অভিযোগ করেন, ভোলা এলজিইডির প্রায় ৩ কোটি টাকার কাজ গোপনে ভাগ-বাটোয়ারা করে নেয়ার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীদের এ আন্দোলন। শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এই গ্রুপ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিছু সময়ের জন্য প্রতিবাদস্বরূপ বাংলা স্কুল সড়ক অবরোধ করে রাখেন। তারা আওয়ামী লীগের সিনিয়র টেন্ডারবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান। তাদের অভিযোগ, গত ১ বছরে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার কাজ সিনিয়র নেতারা ভাগ-বাটোয়ারাসহ চাপা টেন্ডারের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ না পাওয়া বঞ্চিত নেতাকর্মীরা শনিবার দুপুর ১২টার দিকে সদর রোডে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে দলীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। একপর্যায়ে মিছিলকারীরা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছের ব্যবসায়িক অফিসে জাহারা আর্কেডের রুমেও চড়াও হন। এ সময় ওই এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র: যুগান্তর, ৭ ফেব্রুয়ারি ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English