ইউনিজয় English

১২ এমপি স্কুলের গণ্ডিও পেরোননি

shomokal.jpg
রফিকুল ইসলাম সবুজ
স্কুল পাস করতে পারেননি নবম জাতীয় সংসদে এমন এমপির সংখ্যা বেড়েছে । অষ্টম সংসদে স্কুল পাস করতে না পারা এমপির সংখ্যা মাত্র চারজন হলেও নবম সংসদে এ সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। নবম সংসদে এসএসসি পাস এমপির সংখ্যা ১৩ জন। তবে অষ্টম সংসদের মতো নবম সংসদেও শীর্ষে রয়েছেন শিল্পপতি ব্যবসায়ী এমপিরা। ৩৪৫ আসনের মধ্যে তাদের সংখ্যা ১৭৯ জন। মূল পেশা রাজনীতি এমন এমপি মাত্র ২৩ জন। সংসদ সচিবালয়ে জমা দেওয়া এমপিদের জীবন-বৃত্তান্ত থেকে এ তথ্য পাওয়া গেছে। গত দুটি সংসদের এমপিদের জীবন-বৃত্তান্ত পর্যালোচনা করে দেখা যায়, বিগত অষ্টম সংসদে মাস্টার্সর্ বা সমমানের পরীক্ষায় পাস করা এমপির সংখ্যা ছিল ১০৮ জন, স্নাতক বা সমমানের ১২৯ জন, বিএসসি ইঞ্জিনিয়ার আটজন, এইচএসসি ১৮ জন ও এসএসসি দু’জন। এছাড়া স্কুল পাস করতে পারেননি এমন এমপি ছিলেন চারজন।

এবারের নবম জাতীয় সংসদে মাস্টার্সর্ বা সমমানের পরীক্ষায় পাস করা এমপি রয়েছেন ১২৭ জন, স্নাতক বা সমমানের ১৩০ জন, এইচএসসি পাস ২৯ জন, এসএসসি পাস ১৩ জন।
নবম সংসদে ১২ এমপি রয়েছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণীর নিচে। এ তালিকায় রয়েছেন আওয়ামী লীগ দলীয় এমপি নারায়ণগঞ্জ-৪-এর সারাহ বেগম কবরী (৮ম শ্রেণী), কুষ্টিয়া-৪-এর বেগম সুলতানা তরুণ (৮ম শ্রেণী পর্যন্ত), কিশোরগঞ্জ-৫এর এমডি আফজাল হোসাইন (৮ম শ্রেণী), ঢাকা-১৪-এর এমডি আসলামুল হক (স্বশিক্ষায় শিক্ষিত), মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সাধনা হালদার (স্বশিক্ষায় শিক্ষিত), সাফিয়া খাতুন (স্বশিক্ষায় শিক্ষিত), শেফালী মমতাজ (৮ম শ্রেণী), কণ্ঠশিল্পী মমতাজ বেগম (১০ম শ্রেণী) ও বেগম সালেহ মোশাররফ (৮ম শ্রেণী)। যশোর-৬-এর শেখ আবদুল ওহাব ও লক্ষ্মীপুর-২-এর আবুল খায়ের ভূঁইয়ার জীবন-বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নেই।

নবম সংসদে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা এমপিদের মধ্যে রয়েছেন বিএনপির মোজাহার আলী প্রধান (জয়পুরহাট-১) ও আবদুল মোমিন তালুকদার (বগুড়া-৩), আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দার সেলুন (চুয়াডাঙ্গা-২), আবদুল মান্নান (ঝিনাইদহ-৪), হায়াতুর রহমান খান (ময়মনসিংহ-২), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), মহিলা এমপি সুলতানা বুলবুল, পারভীন তালুকদার, নূরজাহান বেগম ও নূর আফরোজ আলী, জাপার এমএ জব্বার (সাতক্ষীরা-২) ও নাসরিন জাহান রত্না (মহিলা এমপি)।

এছাড়া এইচএসসি পাস করা মন্ত্রী, হুইপ ও এমপির তালিকায় রয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, মোস্তফা কামাল (চট্টগ্রাম-১৬), আবদুল লতিফ (চট্টগ্রাম-১০), এবিএম আবুল কাশেম (চট্টগ্রাম-৩), মোঃ একরামুল করিম চৌধুরী, নাদিমুল আলম চৌধুরী (কুমিল্লা-৮), মাজহারুল হক প্রধান ( পঞ্চগড়-১), মোঃ আবদুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), মোঃ মকবুল হোসেন (পাবনা-৩), জয়নাল আবেদীন (মেহেরপুর-১). আফাজউদ্দিন আহমেদ (কুষ্টিয়া-১), রণজিৎ কুমার রায় (যশোর-৪), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), গোলাম রেজা (সাতক্ষীরা), একেএম আউয়াল (পিরোজপুর-১), ফরিদুল হক খান (জামালপুর-২), মহিলা এমপি শাহীন মনোয়ারা হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন বলে জীবন-বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার জীবন-বৃত্তান্তে দিনাজপুর উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

নবম সংসদে পেশায় ব্যবসায়ী শিল্পপতি এমন এমপি ১৭৯ জন, আইনজীবী ৫৪ জন, রাজনীতি ২৩ জন। পেশায় শিক্ষক ও চিকিৎসক এমন এমপি ২৬ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, জাপার এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পর্যটনমন্ত্রী জি এম কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের ফরিদা রহমান, জাসদের মইন উদ্দীন খান বাদল, ন্যাপের আমিনা আহমেদ সংসদে জমা দেওয়া জীবন-বৃত্তান্তে পেশা-রাজনীতি উল্লেখ করেছেন। পেশা রাজনীতি ও ব্যবসা উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা ও জাসদের হাসানুল হক ইনু। ছয়জন নারী এমপি উল্লেখ করেছেন তাদের পেশা গৃহিণী। নীলফামারী-৪ এর আওয়ামী লীগের এমপি অবসরপ্রাপ্ত কর্নেল এএ মারুফ তার পেশা উল্লেখ করেছেন ল্যান্ড লর্ড।

গত অষ্টম সংসদে পেশায় ব্যবসায়ী ও শিল্পপতি এমন এমপি ছিলেন ১৫১ জন, সার্বক্ষণিক রাজনীতিক ১৪ জন, আইনজীবী ২০ জন, শিক্ষক ১৫ ও চিকিৎসক ৯ জন।

তথ্যসূত্র: সমকাল, ৭ ফেব্রুয়ারি ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English