কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ, গোলাগুলি
আধিপত্য বিস্তার নিয়ে কুমিলস্না ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গতকাল দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ক্যাম্পাসে দুগ্রুপের সদস্যরা অস্ত্রের মহড়া দেয়। একটি গ্রুপ ক্যাম্পাসের বাইরে একটি দোকান ভাঙচুর করে। এতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রলীগের জসিম খান ও জুয়েল খান গ্রুপ সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেয়। জুয়েল খান গ্রুপ ক্যাম্পাসে মিছিল বের করলে দুই গ্রুপে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশের হস্তক্ষেপে জুয়েল খান গ্রুপ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এরপর জসিম খান গ্রুপ ক্যাম্পাসে মিছিল বের করে। এই মিছিল চলাকালে জুয়েল গ্রুপ ফের কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে পাল্টা ধাওয়া, ফাঁকা গুলিবর্ষণ ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় সবুজ নামে এক ছাত্র মাথায় ইটের আঘাত পান। এছাড়াও ক্যাম্পাসের বাইরে সাধারণ পথচারীসহ কয়েকজন আহত হন। কোতোয়ালি মডেল থানার ওসি মতিউল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের জের ধরে কলেজের সব হল ও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের জন্য ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ পরস্পরকে দায়ী করেছে। অপর একটি সূত্র জানিয়েছে, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আগামী ভর্তি বাণিজ্য ঘিরে আধিপত্য বিস্তারের চেষ্টার কারণেই সংঘর্ষের সূত্রপাত। সম্পাদনা: শাহজাহান কমর
তথ্যসূত্র: আমাদের সময়, ৩১ জানুয়ারি ২০০৯
