মৌলভীবাজার আ’লীগে পাল্টাপাল্টি ৪ মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেদের মামলায় এখন নিজেরাই আসামি। বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগের সমাবেশ ও সদর উপজেলা আওয়ামী লীগের পাল্টা সমাবেশকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর মডেল থানায় পাল্টাপাল্টি চারটি মামলা হয়েছে। বাড়িতে হামলা, তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পরস্পরকে দোষারোপ করে মামলা করেছে পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ। এ মামলার আসামিরা হলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দ মহসিন আলীর ছোট দুই ভাই সৈয়দ সলমান আলী, সৈয়দ লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা করেছে সদর মডেল থানা পুলিশ। এতে ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে লাঠি মিছিলের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় পাঁচ থেকে ছয় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুরের ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগকে দায়ী করে সদর মডেল থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘সৈয়দ মহসিন আলীর বাসভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর মিছিল বের হয়ে দা, লাঠি ও ইটপাটকেল নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, সাইনবোর্ড ও মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ভাংচুর করা হয়েছে।
তথ্যসূত্র: সমকাল, ২৭ ডিসেম্বর ২০০৯