ইউনিজয় English

ফেনীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

top22.jpg
হামলার বদলে এবার পাল্টা হামলা চালানো হবে: জয়নাল হাজারী

নূরুল ইসলাম: ফেনী সরকারি কলেজে গতকাল ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে ৫০ থেকে ৬০ জন জয়নাল হাজারীর সমর্থক লঠিসোটাসহ ক্যাম্পাস দখল করতে যায়। এ সময় তারা তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের পুলক নামে একজনকে মারধর করে। এর প্রতিবাদে কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী ঘটনাস্থলে এলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা হয়। হামলায় উপ-পরিদর্শক আনওয়ারুল আজিম এবং সহকারী উপ-পরিদর্শক আশিকুর রহমান আহত হন। আহত পুলিশ কর্মকর্তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় এক ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং স্থানীয় পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত হোসেনকে মারধর করে। থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী সন্ধ্যায় শহরে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে তিনি বলেন, অনেক নির্যাতন সহ্য করেছি, আর নয়। এবার প্রতিরোধ গড়ে তুলব। কলেজের সংঘর্ষের ঘটনার সূত্র ধরে তিনি বলেন, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ও ছাত্রলীগ নেতা নিজাম পাটোয়ারীকে পিটিয়েছে। হামলার বদলে এবার পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিপক্ষকে হুঁশিয়ার করেন তিনি। সূত্র: ইউএনবি

তথ্যসূত্র: আমাদের সময়, ২৭ ডিসেম্বর ২০০৯

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English