ইউনিজয় English

পটুয়াখালী পরশুরাম নলছিটি ভোলায় টেন্ডারে বাধা : কাজ ভাগাভাগি

shomokal.jpg
রাঙ্গুনিয়ায় লোক দেখানো নিলাম

সমকাল ডেস্ক
ভোলা, পটুয়াখালী সদর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ফেনীর পরশুরাম ও ঝালকাঠির নলছিটিতে টেন্ডার নিয়ে নানা অনিয়মের ঘটনা ঘটেছে। ভোলায় জেলা পরিষদ ও উপজেলা প্রকৌশলীর দফতরের ৪ কোটি ৩০ লাখ টাকার কাজ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। পটুয়াখালীর সিভিল সার্জন দফতরের কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিয়েছেন সরকারদলীয় ঠিকাদাররা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাজানো নিলামের মাধ্যমে ব্যবসায়ী ও বন কর্মকর্তাদের একটি সিন্ডিকেট বাজার দরের অর্ধেক দাম দিয়ে ২০ লাখ টাকার কাঠ হাতিয়ে নিয়েছে। ফেনীর পরশুরামে টেন্ডার সিডিউল বন্ধ করার জন্য স্থানীয় ছাত্রলীগ নেতারা উপজেলা কার্যালয়ের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। ঝালকাঠির নলছিটিতে টেন্ডারবাজিতে সহায়তা না করায় এক ইউপি চেয়ারম্যানকে অফিস থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপ একে অপরের বিরুদ্ধে টেন্ডার ও সালিশ বাণিজ্যের অভিযোগ তুলেছে। সমকালের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ভোলা : ভোলায় জেলা পরিষদ ও উপজেলা ইঞ্জিনিয়ার দফতরের ৪ কোটি ৩০ লাখ টাকার কাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে। কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের একটি সিন্ডিকেট ওই ২ দফতরে অবস্থান নিয়ে নিজেদের পছন্দের লাইসেন্সে সিডিউল ক্রয় করে। সিডিউল দাখিলের আগের দিন রোববার রাতে বৈঠক করে তারা নিজেদের মধ্যে কাজ ভাগবাটোয়ারা করে নেয়। সে অনুযায়ী গতকাল সোমবার সিডিউল দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে সিডিউল বিক্রি না করে অফিসে তালা দিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিরুদ্দেশ হওয়ার খবর দৈনিক ‘সমকাল’সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর সংশিল্গষ্ট দফতরের টনক নড়েছে। ১ কোটি সাড়ে ১২ লাখ টাকার নির্বাচন অফিস নির্মাণের কাজের সিডিউল বিক্রির মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে।

সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সালাম জানান, স্কুলঘর নির্মাণ, আসবাবপত্র ও রাস্তা মেরামতের প্রায় সাড়ে ৩ কোটি টাকার টেন্ডারে ১০ গ্রুপ কাজের জন্য ৯০টি সিডিউল বিক্রি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার বলেন, উপজেলা ইঞ্জিনিয়ার দফতরের ১০ গ্রুপ কাজের জন্য মোট ৭০টি সিডিউল দাখিল করা হয়েছে। সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ নেতা হামিদুল হক মোলল্গার নামে ২ গ্রুপ, নজরুল ইসলাম গোলদারের নামে-২ গ্রুপ, ইলি এন্টারপ্রাইজের নামে ২ গ্রুপ, ছালাউদ্দিন ও শাহে আলম নামে ১ গ্রুপ করে মোট ৮ গ্রুপ কাজের নিম্ন দরদাতা হিসেবে সিডিউল দাখিল করা হয়। ওই দফতরের অপর ২ গ্রুপ কাজ বিজেপিকে দেওয়া হয়েছে। তবে উপজেলা ইঞ্জিনিয়ার আবদুস সালাম জানান, অফিসের ভেতরে সব নিয়ম নেমে টেন্ডার প্রক্রিয়া শেষ করেছেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : কাপ্তাই পাল্পউড বাগান বিভাগে লোক দেখানো নিলামে ব্যবসায়ী ও বন কর্মকর্তাদের একটি সিন্ডিকেট সরকারি গড় মূল্যের অর্ধেক দামে প্রায় ২০ লাখ টাকা মূল্যের কাঠ হাতিয়ে নিয়েছে। রোববার এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ সিন্ডিকেট নিলামে অংশ নিতে আসা প্রকৃত কাঠ ব্যবসায়ীদের অংশগ্রহণ করতে দেয়নি। অনেক ব্যবসায়ীকে নিলামস্থল থেকে অপমান করে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বন বিভাগের এ টেন্ডার নিয়ন্ত্রিত ও কম মূল্যে কাঠ বিক্রির কথা স্বীকার করেছে বন বিভাগ।

জানা যায়, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন বনাঞ্চলে মজুদ থাকা ১৪৭টি লটের ওপেন টেন্ডারের নির্ধারিত দিন ছিল রোববার। রহস্যজনক কারণে বন কর্মকর্তারা ওই নিলাম কাপ্তাই সদর দফতরের পরিবর্তে রাজস্থলীতে একটি সিন্ডিকেট নিয়ন্ত্রিত এলাকায় টেন্ডারের আয়োজন করে। সকাল থেকে ওপেন টেন্ডার শুরু হলে প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন ছাড়া আর কাউকে নিলামস্থলে যেতে দেওয়া হয়নি। চট্টগ্রাম, বান্দরবান, কাপ্তাইসহ বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ব্যবসায়ী নিলাম ডাকে অংশ নিতে গিয়ে বাধার মুখে ফেরত আসতে বাধ্য হন। বাসস্টেশনে পাহারা বসিয়ে অনেক ব্যবসায়ীকে রাজস্থলীতে নামতেও দেওয়া হয়নি।
এ ব্যাপারে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা জাহিদুল কবির জানান, রাজস্থলীতে ওপেন টেন্ডারে প্রকৃত অনেক ব্যবসায়ীকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি তিনি বুঝতে পেরেছেন, তাই সব লট বিক্রি না করে ১৪৭টির মধ্যে মাত্র ২৪টি লট বিক্রি করা হয়েছে।

বরিশাল : পটুয়াখালীর সিভিল সার্জন দফতরের কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিয়েছে সরকার দলীয় ঠিকাদাররা। সাধারণ কোনো ঠিকাদার একটি দরপত্রও কিনতে পারেননি। মেডিকেল সার্জিক্যাল রিকিউজেশন (এমআরএস) সরবরাহ কাজের ওই দরপত্র ১৩ ডিসেম্বর থেকে বিক্রি শুরু হয়। ২০ ডিসেম্বর দরপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ১ কোটি ৩ লাখ টাকার ৫ গ্রুপের ওই কাজের দরপত্র সাধারণ ঠিকাদারদের কিনতে দেওয়া হয়নি। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, তারা রেজিস্ট্রারে নাম লিখিয়ে নির্ধারিত টাকার ট্রেজারি চালান ফরম জমা দিয়েও দরপত্র নিতে পারেনি সরকার দলীয় ঠিকাদারদের বাধার মুখে। এ অভিযোগ প্রসঙ্গে পটুয়াখালীর সিভিল সার্জন ও দরপত্র কমিটির সভাপতি ডা. মোঃ জসিমউদ্দিন সাংবাদিকদের বলেছেন, তিনি ঢাকায় অবস্থান করায় কিছুই জানাতে পারছেন না।
মেসার্স ফিরোজ জামান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ ফিরোজ জামান ও ঠিকাদার মুরাদ আহমেদ অভিযোগ করেছেন, ওই দরপত্র ক্রয়ের জন্য গ্রিন টেড্রার্স, মেসার্স লার্জ ফার্মা, আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স ফিরোজ জামানসহ ১৫-২০টি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মানুযায়ী ট্রেজারি চালান ক্রয় করে তা সিভিল সার্জন অফিসে জমা দেন। কিন্তু দরপত্র ক্রয়ের শেষ দিন ১৯ ডিসেম্বর পর্যন্ত তাদের কোনো দরপত্র সরবরাহ করা হয়নি। সরকার দলীয় মতিউর রহমানসহ ৮-১০ ঠিকাদার ওই দরপত্র বিক্রিতে বাধা দেন। তারা ১৩ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সিভিল সার্জন দফতর অবরুদ্ধ করে রাখেন। ফলে সাধারণ ঠিকাদাররা ট্রেজারি চালান জমা দিয়েও দরপত্র ক্রয় করতে পারেননি।

ফেনী : ফেনীর পরশুরাম উপজেলা কার্যালয়ের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে সোমবার সকালে স্থানীয় ছাত্রলীগ নেতারা তালা ঝুলিয়ে দিয়েছে। প্রায় সাড়ে ১৮ লাখ টাকার টেন্ডার সিডিউল যাতে বিক্রি করা না যায়, তার জন্য তালা লাগানো হয় বলে ঠিকাদাররা অভিযোগ করেছেন।
ঠিকাদারদের অভিযোগ, সকাল ৯টার দিকে স্থানীয় উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াছিন, এনাম, আল-আমিন, সাজেল, রাসেল ও সোহেলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। টেন্ডার দরপত্র কিনতে না পেরে ঠিকাদাররা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও অন্যান্য স্থানে অভিযোগ করেন। কিন্তু অফিস চলাকালে সোমবার আর তালা খোলা হয়নি।
ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়ন পরিষদে হামলা ভাংচুর করে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক খানকে বের করে দেওয়া হয়েছে। মগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা হাইসোয়া প্রকল্পের টিউবওয়েল টেন্ডারকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এ ব্যাপারে রাজ্জাক আলী খান জানান, মগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান গত ২৩ নভেম্বর ২৫টি টিউবওয়েলের টেন্ডারের পর থেকে এ কাজ পাওয়ার জন্য তার কাছে আবদার করে আসছেন। তিনি রাজি না হওয়ায় গতকাল সোমবার নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদে এসে তিনি তাকে লাঞ্ছিত করে বের করে দেন। এ সময় ইউনিয়ন পরিষদ ভাংচুর করা হয়।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের নেতৃত্বে আওয়ামী লীগের ভিন্ন ভিন্ন দুই গ্রুপের বিরোধ চরম আকার ধারণ করছে। টেন্ডারবাজি, সিন্ডিকেট তৈরি ও সালিশ বাণিজ্যের পাল্টাপাল্টি অভিযোগ করেছে একে অপরকে। এ ব্যাপারে স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পত্রিকায় ভিন্ন ভিন্ন সংবাদ ছাপা হওয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তথ্যসূত্র: সমকাল, ২২ ডিসেম্বর ২০০৯

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English