রংপুর মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আলী আশরাফ হ রংপুর থেকে: রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) গত শুক্রবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে পিন্নু ছাত্রবাসে ছাত্রলীগের তামিম গ্রুপ ও সজীব গ্রুপের কর্মীদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকালও ছাত্রলীগের গ্রুপ দুটি কলেজে সশস্ত্র মহড়া অব্যহত রেখেছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমেক সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার বিকেলে রমেক ছাত্রলীগের সজীব গ্রুপের কর্মী পুলকের সঙ্গে তামিম গ্রুপের কাওছারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে তামিম গ্রুপের তামিম, সুজন, মাসুদ, অমিত, কুতুবসহ প্রায় ২৫ জন ছাত্রলীগ কর্মী সশস্ত্র অবস্থায় পিন্নু হোস্টেলে প্রবেশ করে মহড়া দেয়। তারা সজীব গ্রুপের কর্মীদের হোস্টেলের বিভিন্ন কক্ষে খুঁজতে থাকে। এ সময় সজীব গ্রুপের ছাত্রলীগ কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এর এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।
রমেক ছাত্রলীগের সভাপতি তামিম জানান, ছাত্রলীগের সজীব গ্রুপের কিছু উচ্ছৃঙখল কর্মী কলেজে অরাজকতা সৃষ্টি করছে। তিনি বলেন আমরা শিগগিরই তাদের বিরুদ্ধে দলীয় শৃঙখলা ভঙ্গের জন্য সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আজিজুল ইসলাম বলেন, এটা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রায় এ ধরনের ঘটনা ঘটে। সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: শাম্মী আক্তার
তথ্যসূত্র: আমাদের সময়, ১৩ ডিসেম্বর ২০০৯