
রাজশাহী ব্যুরো
রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ বুধবার জঙ্গি মদদ ও চাঁদার দাবিতে মারধরের অভিযোগে চারদলীয় জোট সরকারের দুই মন্ত্রী, এমপিসহ জেএমবির ৭০ ক্যাডারের বিরুদ্ধে মামলা হয়েছে। বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের আবেদ আলী মেম্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদ, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাগমারার বিহানালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান বেশারতুল্লাহ, অধ্যাপক লুৎফর রহমান ও আবদুস সাত্তার বিএসসিসহ আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্র, পরিকল্পনা ও নির্দেশ মোতাবেক আসামি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সন্ত্রাসী ক্যাডাররা ২০০৪ সালের ১৩ এপ্রিল সকালে সশস্ত্র অবস্থায় হাতে লাঠি, লোহার রড, হকিস্টিক, লম্বা ধারালো হাসুয়া, পিস্তল, বন্দুক প্রভৃতি দেশীয় অস্ত্রে সজ্জিত ও বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে স্লোগান দিয়ে বাদীর বাড়ি ঘিরে ফেলে। আসামি আবদুল মান্নান বাদীকে বাইরে ডাকলে বাদী বাইরে না আসায় তারা জোরপূর্বক বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে। আসামি কিলার মোস্তাক ও মোরশেদ বাদীর দিকে বন্দুক তাক করে ধরে থাকে। আসামি সোবহানের হুকুমে ছামসউদ্দিন, মান্নান, আজাহার, মজিবর, কিলার মোস্তাক সবাই ধরাধরি করে ইচ্ছার বিরুদ্ধে বাদীকে তাদের ব্যবহূত গাড়িতে করে হামিরকুৎসার রমজান কায়ার বাড়িতে স্থাপিত জেএমবির টর্চার ক্যাম্পে নিয়ে যায়। সেখানে সব আসামি মিলে পরামর্শ শেষে কিলার মোস্তাক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
বিস্তারিত »